ঢাকার আদালত থেকে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যাওয়া পোশাকশ্রমিক আলো আক্তার হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (২৫) নেত্রকোনার পূর্বধলা থেকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দুদিন পর বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাউসারকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কাউসার মিয়া পূর্বধলা উপজেলার ৮ নম্বর বিশকাকুনী ইউনিয়নের যাত্রাবাড়ী গ্রামের মৃত রুকু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের এজলাস থেকে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালিয়ে যান কাউসার। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২০২০ সালের ২০ জুলাই দক্ষিণখানে পোশাকশ্রমিক আলো আক্তারকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিলেন।


























