সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, বৈশ্বিক অস্থিরতার কারণে বিশ্বজুড়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশের মানুষ এখনও তিনবেলা অন্ন সংস্থানের সক্ষমতা ধরে রেখেছে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রংপুরের মিঠাপুকুর বেনুবন বিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি মহল ষড়যন্ত্র ও উসকানি ছড়ানোর চেষ্টা করছে। যারা অতীতে খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তাদের বিচার এ দেশের মাটিতেই হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় বর্তমান সরকার আপসহীন। জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর পরিণতি যে ভয়াবহ হতে পারে, তা ৫ আগস্টের ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, বিএনপি একটি জনবান্ধব দল। শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পথ অনুসরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনে কাজ করা হচ্ছে। অনুষ্ঠানে উত্তরবঙ্গ সংঘ নায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।





















