চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। চকবাজার থানার একটি চাঁদাবাজির মামলায় পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানি শেষে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। একই সঙ্গে অন্য একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর (শ্যোন অ্যারেস্ট) আবেদনও মঞ্জুর করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেনের আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, চকবাজার থানার চাঁদাবাজির মামলায় ডেভিড ইমনের পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। পাশাপাশি একই থানার অপর একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদনও আদালত মঞ্জুর করেছেন।
মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমন (২৫) ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকার মৃত মো. মুসার ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ডেভিড ইমনকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় পুরো আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নিরাপত্তা জোরদার করা হয়। শুনানি শেষে কড়া প্রহরায় তাঁকে নিয়ে যায় পুলিশ।
উল্লেখ্য, গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালী থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় সংঘটিত মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তের তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা নজরদারির ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়।
পরবর্তীতে গ্রেপ্তার আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য মারাত্মক অস্ত্র উদ্ধার করে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

























