আজ ১৩ নভেম্বর, বিশ্ব দয়া দিবস। মানুষের প্রতি ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক আচরণের গুরুত্ব অনুধাবনের বার্তা নিয়ে প্রতিবছর বিশ্বজুড়ে পালিত হয় দিবসটি। বর্তমান প্রতিযোগিতামূলক ও স্বার্থপরতার যুগে অন্যের প্রতি সদয় হওয়া এবং সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানায় দিনটি।
দয়া মানেই বিশাল কোনো দান নয়; বরং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, ক্ষুধার্তকে অন্ন দেওয়া কিংবা বিপদে পড়া মানুষের খোঁজ নেওয়ার মতো ছোট ছোট মানবিক কাজও সমাজকে বদলে দিতে পারে। ১৯৯৮ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক সম্মেলনের ধারাবাহিকতায় ‘ওয়ার্ল্ড কাইন্ডনেস মুভমেন্ট’-এর হাত ধরে এই দিবসের যাত্রা শুরু হয়।
বিশেষজ্ঞরা বলছেন, অন্যের প্রতি সহানুভূতিশীল আচরণ মানুষের মধ্যে আত্মতৃপ্তি ও সামাজিক বন্ধন দৃঢ় করে। সুন্দর সমাজ গঠনে শুধু আইন নয়, বরং মানুষের প্রতি মানুষের ভালোবাসা ও সহমর্মিতা অপরিহার্য। আজকের এই দিনে প্রতিটি মানুষের উচিত মানবিকতার চর্চাকে জীবনের অংশ করে নেওয়া।

























