বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, সার বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। ডিলারের রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, অনিয়মের প্রমাণ মিললে ডিলারশিপ বাতিলসহ দোষীদের আইনের আওতায় আনা হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে যশোর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুঃস্থ পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানে ২০০ জন সুবিধাভোগীর হাতে মোট ২০ লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে চায়। যশোরের স্বাস্থ্যসেবা খাতের উন্নয়নে আগামী জুন থেকে করোনারি কেয়ার ইউনিট এবং জেনারেল হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।
তিনি আরও বলেন, সরকারি ভাতার ক্ষেত্রে আগের মতো কোনো হয়রানি বা অর্থ লেনদেনের সুযোগ নেই। স্বচ্ছতা বজায় রেখে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















