বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালিতে ইরানের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, এই প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরান ‘অত্যন্ত অপেশাদার’ আচরণ করছে, যা বিদ্যমান আন্তর্জাতিক চুক্তির পরিপন্থী।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান হরমুজ প্রণালি ব্যবহারকারী ট্যাংকারগুলো থেকে অবৈধভাবে ফি আদায় করছে বলে খবর পাওয়া যাচ্ছে। তিনি অবিলম্বে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়ে বলেন, ইরান যদি তাদের আচরণ সংশোধন না করে তবে পরিস্থিতি আরও জটিল হবে। ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন দুই দেশ মাত্র কয়েক দিন আগে একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই নতুন উত্তেজনা ওই চুক্তির স্থায়িত্বকে প্রশ্নের মুখে ফেলেছে।
এর আগে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, ইরান যদি দ্রুত এবং নিরাপদভাবে জাহাজ চলাচলের জন্য পথটি খুলে দেয়, তবে যুক্তরাষ্ট্র তাদের সামরিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখবে। তবে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এই গুরুত্বপূর্ণ জলপথে জাহাজ চলাচল এখনো স্বাভাবিক হয়নি, যা বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করছে।
রিপোর্টারের নাম 



















