কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় নিহত মো. শাহ আলম ভূইয়ার পরিবারকে নতুন ঘর নির্মাণ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। শনিবার (৪ এপ্রিল) দুপুরে তিনি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন। এসময় তিনি নিহতের সন্তানদের সান্ত্বনা দেন এবং ধৈর্য ধরার আহ্বান জানান। তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সবসময় পাশে থাকার আশ্বাস দেন।
এমপি হাজী জসিম উদ্দিন বলেন, একজন প্রবাসী জীবনের ঝুঁকি নিয়ে পরিবার ও দেশের জন্য সংগ্রাম করেন। এভাবে তাকে হারানো অসহনীয়। শাহ আলম ভূইয়ার মৃত্যুতে শুধু একটি পরিবার নয়, পুরো এলাকা শোকাহত। তার শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। নিহতের পরিবারের এই দুঃসময়ে তিনি তাদের পাশে আছেন এবং থাকবেন। সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করা হবে বলেও তিনি জানান। তিনি আরো বলেন, শাহ আলম ভূইয়ার পরিবার যেন অন্তত নিরাপদভাবে বসবাস করতে পারে, সেই চিন্তা থেকে তাদের ভাঙা ঘরটি নতুন করে নির্মাণের দায়িত্ব তিনি নিজেই নিচ্ছেন এবং যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।
মধ্যপ্রাচ্যে চলমান যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মো. শাহ আলম ভূইয়া (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত মো. শাহ আলম ভূইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা। পরিবার ও দুবাই প্রবাসী সূত্রে জানা গেছে, বুধবার (১ এপ্রিল) সকাল ৮টার দিকে দুবাইয়ের ফুজিরা ডিব্বা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ইরান থেকে ছোড়া একটি মিসাইলের আঘাতে তিনি গুরুতর আহত হন এবং পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় আশপাশ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কে মানুষ আশপাশে ছুটতে থাকে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তার মৃত্যুর খবরে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তার নিজ গ্রাম জিরুইনেও বিরাজ করছে গভীর শোক।
রিপোর্টারের নাম 



















