শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, দীর্ঘ ১৭-১৮ বছর ধরে আমরা যে ত্যাগ স্বীকার করেছি, তা বৃথা যেতে দেওয়া যাবে না। আগামী দিনেও সব ধরনের অপকর্ম থেকে দূরে থেকে সাধারণ মানুষের আস্থা অর্জনের জন্য নিরলসভাবে কাজ করে যেতে হবে।
মঙ্গলবার রাতে সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামার গ্রামে গিয়ে নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন মন্ত্রী। এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, মানুষ যেন স্পষ্টভাবে বুঝতে পারে যে, এই দল ক্ষমতায় এলে জনগণের সেবায় নিজেদের নিয়োজিত রাখে। আমরা কোনো জোর-জবরদস্তি করি না এবং কাউকে অন্যায় করতেও দিই না। তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র এক মাস হলেও রমজান মাস ও আন্তর্জাতিক সংকটময় পরিস্থিতির মধ্যেও সরকার থেমে থাকেনি। নির্বাচনি ইশতেহারের অনেক প্রতিশ্রুতি ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিন, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা প্রশাসক আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ, সহকারী কমিশনার (ভূমি) লাবণী আক্তার তারানা এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, গত ৮ মার্চ (রবিবার) সৌদি আরবের স্থানীয় সময় ইফতারের আগ মুহূর্তে আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে কটিয়াদীর বাচ্চু মিয়াresidence সহ দুজন বাংলাদেশি নিহত হন। অপর নিহত ব্যক্তি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। ধারণা করা হচ্ছে, নিকটবর্তী একটি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল।
রিপোর্টারের নাম 























