পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আর বেশি দেরি নেই। চাঁদ দেখা সাপেক্ষে আগামী শনিবারই অনুষ্ঠিত হবে এই আনন্দময় উৎসব। এরই মধ্যে সারা দেশের মতো বন্দর নগরী চট্টগ্রামেও জমে উঠেছে ঈদের কেনাকাটা। নতুন পোশাক ও অনুষঙ্গ কিনতে নগরীর ঐতিহ্যবাহী বাজার থেকে শুরু করে আধুনিক শপিংমলগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে প্রতিদিন। পবিত্র রমজানের শেষ ভাগে এসে কেনাকাটার এই ধুম উৎসবের আমেজকে আরও বাড়িয়ে দিয়েছে।
নগরীর বিভিন্ন কাপড়ের দোকানগুলোতে এখন দম ফেলার ফুরসত নেই কর্মচারীদের। ঈদের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নগরীর সড়কগুলোতে যানজট। ঘরমুখো মানুষের ভিড়ে চট্টগ্রাম রেলস্টেশন ও বাস কাউন্টারগুলোও এখন জনাকীর্ণ।
নগরীর রিয়াজউদ্দিন বাজার, তামাকুণ্ডি লেন, টেরিবাজার, নিউ মার্কেট এবং জহুর হকার্স মার্কেটে ক্রেতাদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। বিশেষ করে শাড়ি, লেহেঙ্গা এবং থ্রি-পিসের দোকানগুলোতে ভিড় সবচেয়ে বেশি। বন্দর নগরীর নিউ মার্কেট, টেরিবাজার ও তামাকুণ্ডি লেনের মতো পুরোনো ও ঐতিহ্যবাহী বাজারগুলো নগরীর বৃহত্তম খুচরা ও পাইকারি বাজার হিসেবে পরিচিত। এখানে এক থেকে দেড় শতাধিক মার্কেট রয়েছে, যেখানে দেশি, পাকিস্তানি এবং ভারতীয় পোশাকের বিভিন্ন ডিজাইনের সমাহার পাওয়া যায়। এই বাজারগুলোয় দেশি-বিদেশি ব্র্যান্ডের পাঞ্জাবি, কাবুলি, পাজামা, জুতা এবং শিশুদের জন্য নতুন ডিজাইনের পণ্যের বিপুল সম্ভার থাকায় ক্রেতাদের মূল আকর্ষণ এই এলাকাগুলোই। তাই এই স্থানগুলো নগরীর প্রধান শপিং জোন হিসেবে পরিচিতি লাভ করেছে।
রিপোর্টারের নাম 

























