ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ক্রেডিট কার্ডের বিপরীতে সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ঋণ নেওয়া যাবে, যা আগে ছিল ২৫ লাখ টাকা। একই সঙ্গে, বিনা জামানতে ক্রেডিট কার্ডের বিপরীতে ঋণসীমা ১০ লাখ টাকা থেকে বাড়িয়ে ২০ লাখ টাকা করা হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি হালনাগাদ গাইডলাইন জারি করেছে। এই নির্দেশিকার লক্ষ্য হলো দেশে ক্রেডিট কার্ড কার্যক্রমকে আরও নিরাপদ, সুরক্ষিত ও কার্যকর করা।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বাংলাদেশে পণ্য ও সেবা ক্রয়ের ক্ষেত্রে ক্রেডিট কার্ডের ব্যবহার ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এর সুবিধাজনক ব্যবহার, উন্নত নিরাপত্তা ব্যবস্থা, ইলেকট্রনিক পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালের সংখ্যা বৃদ্ধি এবং বিভিন্ন ব্যাংকের দেওয়া প্রণোদনা এই প্রবৃদ্ধিতে ভূমিকা রাখছে। ডিজিটাল লেনদেন সহজতর করতে ক্রেডিট কার্ডের গুরুত্ব বিবেচনায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ভোক্তাদের অধিকার সুরক্ষা করা এবং নগদবিহীন লেনদেনকে উৎসাহিত করার লক্ষ্যে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এটি ঝুঁকি ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালী করতে, দায়িত্বশীল ঋণ প্রদান উৎসাহিত করতে এবং ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে আর্থিক শৃঙ্খলা বাড়াতে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নির্ধারণ করেছে।
ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তারা মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে কার্ড বিভাগের ঋণের পরিমাণ বাড়বে এবং ব্যাংকের মুনাফাও বৃদ্ধি পাবে। তবে, ঋণসীমা বাড়ার কারণে ঝুঁকির মাত্রাও কিছুটা বাড়বে বলে তারা উল্লেখ করেছেন। ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ পেতে যাচাই-বাছাইয়ের প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হওয়ায় স্বল্প সময়ের মধ্যে এই ঋণ পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।
রিপোর্টারের নাম 

























