যশোরের অভয়নগরে বাড়ির সামনে হামলার শিকার হয়েছেন শেখ জাহান আলী (৫১) নামে এক জামায়াত কর্মী। সোমবার (২ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বানিপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত শেখ জাহান আলী বানিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আলী শেখের ছেলে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন জাহান আলী। বাড়ির প্রবেশমুখে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১০-১২ জনের একদল সশস্ত্র দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।
আহতের ছেলে রিফাত শেখ জানান, হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তার বাবা রক্তাক্ত জখম হন। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
উপজেলা শ্রমিককল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক ইউনুস আলী আকুঞ্জি অভিযোগ করে বলেন, স্থানীয় বিএনপি কর্মী রিপন সরদার ও মোতাহার হোসেনের নেতৃত্বে এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, আহত জাহান আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামলাকারীদের নাম শনাক্ত করেছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় সংগঠনটির পক্ষ থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 





















