সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সমন্বয়ে ‘সোনালি দল’ নামে একটি নতুন পেশাজীবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতকে সভাপতি এবং প্রফেসর ড. মো. মাছুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে নতুন এই কমিটি গঠন করা হয়। সংগঠনটির নেতৃবৃন্দ ‘সাদা দল’ নামধারী কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ভিসিসহ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ তুলেছেন এবং সামগ্রিক পরিস্থিতিকে বিশ্ববিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।
নবগঠিত কমিটির অন্যান্য পদাধিকারীরা হলেন- সহ-সভাপতি প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আসাদ-উদ-দৌলা, সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. মো: রাশেদ আল মামুন এবং প্রচার সম্পাদক প্রফেসর ড. মো. সামিউল আহসান তালুকদার।
সোনালি দলের সভাপতি প্রফেসর ড. এম. রাশেদ হাসনাতের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কমিটির নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাদা দলের কতিপয় শিক্ষক মব সৃষ্টির মাধ্যমে উপাচার্য প্রফেসর ড. মো. আলিমুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, এম. সাইফুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদাৎ হোসেনসহ উপাচার্যের সচিবালয়ে কর্মরত নিরাপত্তা কর্মীদের আহত করেছেন। এই হামলার প্রতিবাদে এবং উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন।
নেতৃবৃন্দ আরও বলেন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে যে সকল ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। সুপরিকল্পিতভাবে ন্যক্কারজনক কায়দায় মব সৃষ্টির মাধ্যমে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার অপচেষ্টা একটি শিক্ষাঙ্গণের মর্যাদা, শালীনতা ও মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থি। এ ধরনের কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের সুনাম ও ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ন করেছে এবং সমগ্র বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য লজ্জাজনক দৃষ্টান্ত স্থাপন করেছে।
তারা জানান, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে ‘সাদা দল’ নামে একটি পেশাজীবী সংগঠন কার্যক্রম পরিচালনা করে আসছিল। তবে সংগঠনটির কতিপয় সদস্যের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী মানসিকতার কারণে সাধারণ সদস্যদের মতামত উপেক্ষা করে একতরফাভাবে বর্তমান কমিটি গঠন করা হয়। পরবর্তীতে গত বছরের ডিসেম্বর মাসে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও বারবার মৌখিক ও লিখিতভাবে সাধারণ সভা আহ্বানের মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠনের দাবি জানানো হলেও সাদা দলের সভাপতি প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহানা বেগম নতুন কমিটি গঠনের কোনো উদ্যোগ গ্রহণ করেননি।
এই বাস্তবতায়, নতুন বাংলাদেশের চাহিদা ও সময়োপযোগী দৃষ্টিভঙ্গির আলোকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও সার্বিক একাডেমিক পরিবেশের গুণগত উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘সোনালি দল’ এর আত্মপ্রকাশকে সময়ের অনিবার্য দাবি হিসেবে উল্লেখ করেছেন নবগঠিত কমিটির সদস্যরা।
রিপোর্টারের নাম 





















