একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় অর্জনের আনন্দ উদযাপনে এক নতুন মাত্রা যোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বগুড়ার শেরপুরে এবার বিজয় মিছিলের বদলে দলটির কর্মীরা রোপণ করেছেন ২১২টি বৃক্ষের চারা। দলীয় ইশতেহারের আলোকে এবং পরিবেশবান্ধব বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ব্যতিক্রমী কর্মসূচি গ্রহণ করা হয়।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন শেরপুর পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক সামিউল আলম তুষার। বিভিন্ন স্কুল, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে এই পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফিউল আলম সবুজ, শামস আরাফাত শিশির, হিমেল, পৌর যুবদলের দাপ্তরিক দায়িত্বপ্রাপ্ত যুব নেতা কায়সার আহমেদ সোহাগ, পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুল হাসান রাব্বি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান পাপ্পু, আব্দুল বারিক, শেরপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি তৌহিদুল ইসলাম রিফাত, সহ-সভাপতি নাজমুল আলম আকাশ, বিএনপি নেতা শহিদুল ইসলাম এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
বাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামুর ইসলামিয়া কলেজ, আমইন দাখিল মাদরাসা, তাতরা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং কুসুম্বী ইউনিয়ন পরিষদ চত্বর সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ২১২টি গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও কর্তৃপক্ষ উপস্থিত থেকে এই উদ্যোগকে স্বাগত জানান এবং কর্মসূচির প্রশংসা করেন।
বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকার প্রত্যাশায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আয়োজক সামিউল আলম তুষার বলেন, “আমরা বিজয়ের আনন্দকে পরিবেশ রক্ষার বার্তার সাথে মিলিয়ে দিতে চেয়েছি। একটি গাছ মানে একটি প্রাণ – এই উপলব্ধি থেকেই আমাদের এই উদ্যোগ। আমরা শুধু চারা রোপণ করেই থেমে থাকব না, সেগুলোর রক্ষণাবেক্ষণেরও ব্যবস্থা গ্রহণ করব। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক ও পরিবেশ-বান্ধব কার্যক্রমেও আমাদের দলের নেতাকর্মীরা সবসময় সক্রিয় থাকবে।” এই কর্মসূচি দলটির মধ্যে নতুন উদ্যম সৃষ্টি করেছে এবং সামাজিক দায়বদ্ধতা পালনে তাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করেছে।
রিপোর্টারের নাম 





















