রাজশাহীতে এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে মো. মোস্তফা (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরীর মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মোস্তফা স্থানীয় ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে এবং পেশায় একটি ময়দার মিলের কর্মচারী ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাচ্ছিলেন মোস্তফা। পথে খোঁজাপুর গোরস্থান এলাকায় পৌঁছালে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি তাজা গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই মোস্তফার মৃত্যু হয়েছিল। তার ডান পায়ে গুলির চিহ্ন এবং মাথায় গুরুতর জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, মোস্তফা অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। কেন বা কারা তাকে এভাবে হত্যা করল, তা নিয়ে এলাকায় ধোঁয়াশা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মুখপাত্র) গাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনো স্পষ্ট নয়। তবে অপরাধীদের শনাক্ত করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। দ্রুতই এই ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
রিপোর্টারের নাম 
























