টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক উত্তেজনার জেরে জামায়াতে ইসলামীর একটি কার্যালয়ে ভাঙচুরের পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মেঘারপটল এলাকায় সংঘটিত এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জামায়াত নেতাদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরাই এই হামলার সঙ্গে জড়িত।
জামায়েতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীদের দাবি, গত শনিবার বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের মেঘারপটল এলাকায় তাদের কার্যালয়ে প্রথমে ভাঙচুর চালানো হয়। এরপর একদল লোক পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তারা অভিযোগ করেন, ওয়ার্ড বিএনপি সভাপতি কাজলের নির্দেশে তার ছেলে নাসির এবং সহযোগী সাখাওয়াত, রাসেল শিকদার, ইয়াসিন, শাহিন ও আজমান আলীসহ কয়েকজন এই হামলা চালিয়েছে। একইসঙ্গে স্থানীয় জামায়াত কর্মী ও ভোটারদের দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। দ্রুত দোষীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন জামায়াত নেতারা।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, বিএনপির পক্ষ থেকে কেউ এমন কাজ করে থাকলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহবুব হাসানও ঘটনাটি সম্পর্কে অবগত আছেন জানিয়ে বলেন, আমরা পুলিশ পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 
























