ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর জেলার তিনটি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এই ফলাফল ঘোষণা করেন। এতে দুটি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং একটি আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মাদারীপুর-১ আসনে হাড্ডাহাড্ডি লড়াই শেষে মাত্র ৩৮৫ ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী সাইদ উদ্দিন আহমেদ হানজালা। রিকশা প্রতীকে তিনি পেয়েছেন ৬৪ হাজার ৯০৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তার ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৬৪ হাজার ৫২৪ ভোট।
মাদারীপুর-২ আসনে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া। তিনি ৬১ হাজার ৭৪৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যকে পরাজিত করেন, যিনি পেয়েছেন ৪৬ হাজার ৪৭৬ ভোট।
অপরদিকে, মাদারীপুর-৩ আসনে বিএনপি প্রার্থী আনিসুর রহমান খোকন তালুকদার ৯৭ হাজার ২০২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম পেয়েছেন ৮৭ হাজার ৩৩১ ভোট।
তবে, জেলা রিটার্নিং কর্মকর্তার ঘোষিত এই ফলাফলগুলো এখনো বেসরকারি। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার পরই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে।
রিপোর্টারের নাম 
























