সরকারি কর্মকর্তাদের দীর্ঘ সময় একই পদে থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি মনে করেন, সরকারি চাকরিতে ৫ বছরের বেশি সময় অতিবাহিত করলে মানুষের সৃজনশীলতা বাধাগ্রস্ত হয় এবং চিন্তাভাবনা একটি নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ হয়ে পড়ে।
বুধবার দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি ‘বাংলাদেশ ইনোভেশন চ্যালেঞ্জ’-এর ওয়েবসাইট ও লোগো উন্মোচন করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, প্রতিটি প্রতিষ্ঠানকে প্রতি ১০ বছর অন্তর নতুন করে সাজানো প্রয়োজন। সময়ের প্রয়োজনে লক্ষ্য ও উদ্দেশ্য পরিবর্তিত হলেও অনেক সময় দেখা যায় পুরোনো ধ্যান-ধারণা নিয়ে মানুষ ওই প্রতিষ্ঠানে আঁকড়ে থাকে, যা সামগ্রিক অগ্রগতিকে ব্যাহত করে।
তরুণ প্রজন্মকে গতানুগতিক চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সবার জন্য চাকরির ব্যবস্থা করার ধারণাটি একটি ভুল পথ। এটি অনেকটা দাসপ্রথার শামিল। তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তি কাজে লাগিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকারকে সব ধরনের সহায়তা করতে হবে।
জুলাই আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে তিনি বলেন, দেশের রাজনীতিতে জুলাই আন্দোলন যেমন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে, তেমনি তথ্যপ্রযুক্তি খাতেও এই এক্সপো নতুন দিগন্তের সূচনা করবে। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, জুলাই আন্দোলনের নেতারাই আগামী দিনে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। অনুষ্ঠানে দেশের তথ্যপ্রযুক্তি খাতের ভবিষ্যৎ সম্ভাবনা ও উদ্ভাবন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
রিপোর্টারের নাম 
























