রাজধানীর যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়িতে শফিকুল ইসলাম (৪২) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার ভোরে ফাঁড়ির ভেতরে থাকা শৌচাগার থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল সর্দার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শফিকুল ইসলাম ফাঁড়ির ব্যারাকেই থাকতেন। বুধবার ভোররাতে তিনি শৌচাগারের লোহার অ্যাঙ্গেলের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। জানা গেছে, মৃত্যুর আগে ভোর ৩টা ২৫ মিনিটের দিকে শফিকুল তার মেয়ের মোবাইল ফোনে একটি আবেগঘন খুদে বার্তা (এসএমএস) পাঠিয়েছিলেন। সেখানে তিনি নিজের অক্ষমতার কথা উল্লেখ করে লেখেন, “তোর জন্য কিছু করে যেতে পারলাম না।”
প্রাথমিক তথ্যে জানা গেছে, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনিদ্রাজনিত সমস্যায় ভুগছিলেন। এই দীর্ঘমেয়াদী শারীরিক ও মানসিক অসুস্থতা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত শফিকুল ২০১৩ সালে পুলিশ বাহিনীতে যোগদান করেছিলেন। তিনি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার মৃত মন্নান মল্লিকের ছেলে। পুলিশ পুরো বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে।
রিপোর্টারের নাম 
























