প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকে মিলিত হয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বুধবার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫০ মিনিটে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে এই বৈঠক শুরু হয়। তিন সদস্যের একটি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন রাষ্ট্রদূত।
বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেভিড মু ও ফিরোজ আহমেদ রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন। অন্যদিকে, প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে উপস্থিত রয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বিপাক্ষিক এই বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য রূপরেখা এবং গণভোটের প্রস্তুতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দিন দায়িত্ব নেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
উল্লেখ্য, ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের ১৯তম রাষ্ট্রদূত হিসেবে গত ১২ জানুয়ারি ঢাকায় পৌঁছান এবং দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণের পর বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে কমিশনের শীর্ষ পর্যায়ের সঙ্গে এই আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রিপোর্টারের নাম 
























