ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ইসলামী আন্দোলনের একজন প্রভাবশালী নেতা জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার রাতে চরফ্যাশন পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ভূইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, ইসলামী আন্দোলনের চরফ্যাশন পৌর ৫নং ওয়ার্ড সভাপতি এবং উপজেলা সহ-সভাপতি মাওলানা আজহারুল ইসলাম সোমবার আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর দলীয় ফরম পূরণ করে দলটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।
মাওলানা আজহারুল ইসলাম দীর্ঘদিন ধরে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন এবং চরফ্যাশন এলাকায় বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি জানিয়েছেন, জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
এ প্রসঙ্গে ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন জানান, মাওলানা আজহারুল ইসলাম তাদের পূর্ববর্তী কমিটির সদস্য ছিলেন, তবে বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই।
রিপোর্টারের নাম 























