ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশের নীরব এলাকায় হর্ন বাজালে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। শব্দদূষণ রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, বিমানবন্দর সংলগ্ন এলাকাকে নীরব অঞ্চল ঘোষণার পর এবার আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর হতে চলেছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) গত বছরের সেপ্টেম্বর মাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা এবং এর উত্তর-দক্ষিণে ১.৫ কিলোমিটার (স্কলাস্টিকা স্কুল থেকে হোটেল ‘লা মেরিডিয়ান’ পর্যন্ত) এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে। এর পাশাপাশি গুলশান, বনানী, বারিধারা ও নিকেতন এলাকাও নীরব অঞ্চলের অন্তর্ভুক্ত। এসব এলাকায় যানবাহন চলাচলের সময় হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮৮ ধারা এবং শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা অনুযায়ী, নীরব এলাকায় হর্ন বাজানো একটি শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা জরিমানা অথবা তিন মাসের কারাদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
সম্প্রতি জারিকৃত শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালায় পুলিশকে নীরব এলাকায় হর্ন বাজানো বা শব্দদূষণ করার জন্য জরিমানা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। তাই, ডিএমপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, নীরব এলাকায় কেউ হর্ন বাজালে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টারের নাম 















