পাকিস্তান সরকার তাদের দেশের নারীদের জন্য বিশেষভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক, ফার্স্ট উইমেন ব্যাংক লিমিটেড (FWBL), সংযুক্ত আরব আমিরাতের একটি কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। এই গুরুত্বপূর্ণ লেনদেনটি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
বিভিন্ন প্রতিবেদন অনুসারে, গত শুক্রবার (১৮ অক্টোবর) এফডব্লিউবিএল আনুষ্ঠানিকভাবে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি (আইএইচসি)-এর কাছে হস্তান্তর করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনাকে দুই দেশের মধ্যে যৌথ উদ্যোগ ও অংশীদারিত্বকে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। তিনি এই লেনদেনকে ‘বৃষ্টির প্রথম ফোঁটা’ বলে আখ্যা দিয়েছেন।
এই চুক্তির মাধ্যমে, সরকার-থেকে-সরকার (জি-টু-জি) কাঠামোর আওতায় ব্যাংকটির বেশিরভাগ শেয়ার আনুষ্ঠানিকভাবে আইএইচসি-এর হাতে চলে যায়। সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে টু-পয়েন্ট জিরো-এর চেয়ারম্যান শেখ জায়েদ বিন হামদান বিন জায়েদ আল নাহিয়ান প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন। এর আগে, পাকিস্তানের ফেডারেল ক্যাবিনেট সরকারি মালিকানাধীন এই শেয়ার বিক্রির অনুমোদন দেয়। ব্যাংকটির বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৬ লাখ ডলার (যা আনুমানিক ৪.১ বিলিয়ন পাকিস্তানি রুপির সমান)।
চুক্তি অনুযায়ী, আইএইচসি আগামী পাঁচ বছরে ব্যাংকটিতে ন্যূনতম ১০ বিলিয়ন রুপি মূলধন সরবরাহ করবে। ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকটির ইক্যুইটি ছিল ৩.২ বিলিয়ন রুপি। নতুন বিনিয়োগকারী বাকি ৬.৮ বিলিয়ন রুপি যোগ করে মূলধনের এই ঘাটতি পূরণ করবে।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানান, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং বেসরকারীকরণ বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আলি এই চুক্তি সফল করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, সরকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং বেসরকারি খাতনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎসাহিত করতে বদ্ধপরিকর।
শাহবাজ আরও উল্লেখ করেন যে, নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই ফার্স্ট উইমেন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল। এখন এটি শুধু সেই লক্ষ্য বজায় রাখবে না, বরং পেশাদার ব্যবস্থাপনা এবং কৃষি ও শিল্প খাতে লক্ষ্যভিত্তিক বিনিয়োগের মাধ্যমে আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে।
আইএইচসি-এর প্রধান নির্বাহী সৈয়দ বাসার শুয়াইব বলেন, পাকিস্তানের ব্যাংকিং খাতে এই বিনিয়োগ তাদের দীর্ঘমেয়াদি উন্নয়নের প্রতিশ্রুতির প্রতিফলন। তিনি জানান, প্রযুক্তির ব্যবহার করে ব্যাংকটিকে আধুনিকীকরণ করা হবে, যেখানে স্বয়ংক্রিয় ব্যাংকিং ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক আর্থিক সিদ্ধান্তের ওপর জোর দেওয়া হবে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ইন্টার-গভর্নমেন্টাল কমার্শিয়াল ট্রানজ্যাকশন অ্যাক্ট ২০২২-এর আওতায় এটিই প্রথম ব্যাংক, যা বেসরকারীকরণ করা হলো। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত ফার্স্ট উইমেন ব্যাংক বর্তমানে পাকিস্তানজুড়ে ৪২টি শাখা পরিচালনা করছে এবং খুচরা, এসএমই ও করপোরেট গ্রাহকদের সেবা প্রদান করে।
রিপোর্টারের নাম 

























