সীমান্তের ওপারে কে কী করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আমরা বদ্ধপরিকর, দেশে যেকোনো রকমের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা আমরা নস্যাৎ করে দেব।’
শনিবার ২৮ নভেম্বর রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, সাম্প্রতিক কিছু সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর অনেকেই আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কিছু সদস্যকে দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসা নিতে হবে। তাদের পুলিশ পদকসহ অন্যান্যভাবে পুরস্কৃত করা হবে।
দেশে চলমান সহিংসতা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সবসময় প্রস্তুত থাকে। যারা সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াও করছে, দেশের দু-একটা জায়গায় মশাল মিছিলের মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে, সেগুলোর বিষয়ে আমরা সতর্ক রয়েছি। সীমান্তে বা দেশের ভেতরে কোনো ধরনের বেআইনি তৎপরতা চালাতে দেওয়া হবে না।
ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলসংক্রান্ত বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। এর আগে তিনি গোপালগঞ্জ ও গাজীপুরে আন্দোলনের সময় আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাদের সাহস জোগান।























