দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৭২ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সিরাপের সিজার মূল্য ২১ হাজার ৬০০ টাকা।
শনিবার (২৮ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গতকাল রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে এসব নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্যের অনুপ্রবেশ রোধে বিজিবির নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা সিরাপের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান জোরদার করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে মাদক ও চোরাচালানের অপতৎপরতা থেকে সুরক্ষিত রাখতে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করা হবে না। অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার থাকবে।

























