টেস্টে আড়াই দিনের লড়াইয়ে ইনিংস ব্যবধানে হার এবং বৃষ্টির কারণে প্রায় দুই সেশন নষ্ট হওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরর শুরুটা মোটেও সুখকর হয়নি বাংলাদেশের। অথচ এই সফরেই রয়েছে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। টেস্টের দুঃসহ স্মৃতি পেছনে ফেলে এবার সাদা বলের ক্রিকেটে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। আর সেই নতুন শুরুর পথে অনুপ্রেরণা হয়ে থাকছে দক্ষিণ আফ্রিকার মাটিতে আগের ওয়ানডে সিরিজ জয়ের মধুর স্মৃতি।
টেস্ট ম্যাচ দ্রুত শেষ হয়ে যাওয়ায় হাতে বাড়তি দুই দিন সময় পেয়েছে বাংলাদেশ দল। জয় দিয়ে টেস্ট শেষ করতে পারলে এই সময়টা হয়তো বিশ্রাম কিংবা দক্ষিণ আফ্রিকা ঘুরে দেখার সুযোগ হতে পারত। কিন্তু ইনিংস ব্যবধানে হারের পর সেই অবকাশ যাপনের সুযোগ নেই। বরং সামনে থাকা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে পুরো সময়টা কাজে লাগাতে চাইছে টিম ম্যানেজমেন্ট।
সেই লক্ষ্যেই নির্ধারিত সময়ের আগেই মাঠে নেমে পড়েছেন সাদা বলের সিরিজে থাকা ক্রিকেটাররা। সেঞ্চুরিয়নে অনুশীলন করেছেন তানভীর ইসলাম, ইয়াসির আলী রাব্বি, রিশাদ হোসেন ও পারভেজ হোসেন ইমন। তাঁদের সঙ্গে ছিলেন কোচিং প্যানেলের সদস্যরাও। কাতারে ‘এ’ দলের টুর্নামেন্টের মাঝপথ থেকে দক্ষিণ আফ্রিকায় দলের সঙ্গে যোগ দিয়েছেন ইমন। বাংলাদেশ থেকে উড়ে গেছেন রিশাদ। তানভীর ও ইয়াসিরও যথারীতি দলের প্রস্তুতিতে যোগ দিয়েছেন।
এই অনুশীলনে বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন ইয়াসির আলী। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন এই ব্যাটার। জাতীয় দলের জার্সিতে ফেরার অপেক্ষা তাঁর দীর্ঘদিনের ছিল। এবার সেই অপেক্ষার অবসান হওয়ায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তিনি। তাঁর প্রত্যাবর্তনের মঞ্চ আবার সেই দক্ষিণ আফ্রিকা, যে দেশে বাংলাদেশের আগের ওয়ানডে সিরিজ জয়ের স্মৃতির সঙ্গে জড়িয়ে আছে তাঁর নিজের পারফরম্যান্সও।
অনুশীলনের ফাঁকে বিসিবির পাঠানো বার্তায় নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইয়াসির বলেন, ‘আলহামদুলিল্লাহ, অনেক দিন পর ওয়ানডে দলে ডাক পেয়েছি, খুব ভালো লাগছে। সব সময়ই প্রত্যাশা ছিল, আবার জাতীয় দলে ফিরব এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করব। শেষবার দক্ষিণ আফ্রিকায় এসে আমরা ওয়ানডে সিরিজ জিতেছিলাম। আমিও দলের জন্য অবদান রাখতে পেরেছিলাম। সেটি অবশ্যই আমাকে এবং দলকে অনুপ্রেরণা দেবে। আগের সাফল্য ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করব।’
দক্ষিণ আফ্রিকার মাটিতে খেলা সব সময়ই বাংলাদেশের জন্য কঠিন একটি পরীক্ষা। প্রতিপক্ষের গতি, বাউন্স আর কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ তো রয়েছেই। তবে আগের সফরে সিরিজ জয়ের অভিজ্ঞতা এবার বাড়তি আত্মবিশ্বাস জোগাতে পারে বাংলাদেশকে। ইয়াসিরও ব্যক্তিগত অর্জন কিংবা পেছনের হতাশায় আটকে থাকতে নারাজ। তাঁর পুরো ভাবনায় এখন কেবল দলীয় সাফল্য।
সেই প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘যা চলে গেছে, তা নিয়ে এখন আর ভাবতে চাই না। সামনে ওয়ানডে সিরিজ। আমরা সবাই একসঙ্গে থেকে বাংলাদেশকে জেতানোর চেষ্টা করব। ওয়ানডে ফরম্যাটে আমরা ভালো খেলছি, সেটি আমাদের জন্য একটি ইতিবাচক দিক। দলও বেশ ভারসাম্যপূর্ণ। এবারও সিরিজ জয়ের সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই মাঠে নামব, ইনশা আল্লাহ।’
টেস্টের ব্যর্থতা ভুলে ওয়ানডেতে নতুন করে নিজেদের প্রমাণের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। আগামী ১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজ।

























