প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র এবং প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন বলেছেন, শিক্ষাকে শুধু অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক ও দক্ষ জনশক্তি গড়ে তোলার বিনিয়োগ হিসেবে দেখতে চায় বর্তমান সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে শিক্ষা খাতে ধারাবাহিকভাবে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মাহ্দী আমিন বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য মূলত দুটি। প্রথমত, শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ ও নৈতিকতাসম্পন্ন সুনাগরিক গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার্থীদের এমন দক্ষতা ও যোগ্যতা তৈরি করে দেওয়া, যাতে তারা চাকরি খোঁজার পাশাপাশি উদ্যোক্তা হিসেবেও নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে। অর্থাৎ শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ভালো মানুষ ও কর্মদক্ষ জনশক্তি তৈরি করাই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর শিক্ষা পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য রয়েছে। এর অংশ হিসেবে প্রথম বছরেই বরাদ্দ প্রায় ২ শতাংশে উন্নীত করা হয়েছে। এই অর্থকে নিছক ব্যয় হিসেবে না দেখে ভবিষ্যৎ মানবসম্পদ তৈরির কৌশলগত বিনিয়োগ হিসেবে বিবেচনা করতে হবে।
তিনি আরও বলেন, সরকার শুধু বড় বড় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণে গুরুত্ব দিতে চায় না। বরং শিক্ষার গুণগত মান বাড়ানো, শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য ইতিবাচক শিক্ষার পরিবেশ তৈরিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। শিক্ষক ও শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের পাশে থাকাও এ পরিকল্পনার একটি অংশ। শিক্ষাক্রমে পরিবর্তন ও দক্ষতাভিত্তিক শিক্ষার ওপর গুরুত্ব দিয়ে ড. মাহ্দী আমিন বলেন, চতুর্থ শ্রেণিতে সংস্কৃতি ও ক্রীড়া এবং ষষ্ঠ শ্রেণিতে লার্নিং উইথ হ্যাপিনেস ও কারিগরি শিক্ষার মতো বিষয় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগিতা বাড়ানো, পাঠ্যক্রমকে আরও বাস্তবমুখী করা এবং মূল্যায়ন পদ্ধতির উন্নয়নেও কাজ চলছে।
প্রধানমন্ত্রীর দীর্ঘদিনের শিক্ষা পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাকে সাধারণ মানুষের জীবনমান ও ভাগ্য পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিড-ডে মিল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস, জুতা ও ব্যাগ দেওয়ার মতো কল্যাণমুখী উদ্যোগের কথাও তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন। এসব পরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রমে গণমাধ্যমের ভূমিকার কথা তুলে ধরে ড. মাহ্দী আমিন বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যম জবাবদিহি নিশ্চিত করার দর্পণ হিসেবে কাজ করে। শিক্ষা মন্ত্রণালয়ের কোনো কাজে ভুলত্রুটি থাকলে সাংবাদিকেরা বস্তুনিষ্ঠ ও যৌক্তিক সমালোচনার মাধ্যমে তা তুলে ধরবেন এবং ভালো কাজের ইতিবাচক মূল্যায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।





















