কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন কৃষক কার্ড কর্মসূচির আওতায় আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় পাইলটিংয়ের দ্বিতীয় ধাপের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ পর্যায়ে ঢাকা ও খুলনা বিভাগের প্রায় ২ লাখ ৯০ হাজার কৃষককে অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে নির্বাচিত ২ লাখ ৬৯ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা বাবদ জনপ্রতি বছরে ২ হাজার ৫০০ টাকা হারে মোট প্রায় ৬ কোটি ২০ লাখ টাকা দেওয়া হবে।
পরবর্তী সময়ে ৫ ডিসেম্বর গাইবান্ধায় রংপুর বিভাগের কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ সহায়তা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে রংপুর বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার কৃষককে কর্মসূচির আওতায় আনা হবে। এর মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে নির্বাচিত ১ লাখ ৩৭ হাজার কৃষকের ব্যাংক হিসাবে আইবাসের মাধ্যমে কৃষি উপকরণ সহায়তা বাবদ প্রায় ৩৪ কোটি ৪৩ লাখ টাকা দেওয়া হবে।
কৃষি মন্ত্রণালয়ের কৃষক কার্ড কর্মসূচির আওতায় চলতি বছরের ডিসেম্বর মাসে ঢাকা, খুলনা ও রংপুর বিভাগের পাশাপাশি পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের কৃষকদের জন্য পৃথকভাবে উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছে।
দেশব্যাপী চলমান কৃষক কার্ড কার্যক্রমের আওতায় আগামী চার বছরে দেশের প্রায় ২ কোটি ৩৫ লাখ কৃষককে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। দেশের ৬৪ জেলা, ৫০৩ উপজেলা, ১৬টি মেট্রোপলিটন এলাকা এবং ১৪ হাজার ১৮০টি কৃষি ব্লকে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
এ কার্যক্রমের আওতায় চলতি অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক হিসেবে বিবেচিত প্রায় ৩৯ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা বাবদ প্রায় ৯৭০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দেশব্যাপী কৃষকদের তথ্য সংগ্রহের জন্য সব উপজেলায় সংশ্লিষ্ট উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে মাঠপর্যায়ে প্রায় ৭ হাজার ২০০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা কাজ করছেন।
কৃষক কার্ড কর্মসূচির সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৬ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রায় ২৭ লাখ ৩ হাজার কৃষকের তথ্য সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সংশ্লিষ্ট উপজেলা কমিটি প্রায় ১৯ লাখ ১১ হাজার কৃষকের তথ্য অনুমোদন করেছে এবং প্রায় ১৬ লাখ ৫৬২ জন কৃষকের ব্যাংক হিসাব খোলা হয়েছে।
এর আগে, ২০২৬ সালের ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথম দিনে টাঙ্গাইল সদর উপজেলায় কৃষক কার্ডের প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের আট বিভাগের ১০ জেলার ১১ উপজেলার ১১টি কৃষি ব্লকে ২০ হাজার ৮৩২ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হয়। এরপর ১ অক্টোবর ফেনীর ফুলগাজী উপজেলায় পাইলট পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। ওই অনুষ্ঠানের মাধ্যমে দেশের ৭৭ উপজেলার প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি উপকরণ সহায়তার অর্থ দেওয়া হয়।
এ পর্যায়ে কৃষক কার্ড বিতরণের প্রস্তুতি হিসেবে প্রাথমিকভাবে কুষ্টিয়া সদর উপজেলার দুটি কৃষি ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে।






















