মাত্র ১৫ দিন আগেও স্বামী মহসীন মেহেদীর সঙ্গে হাসিমুখে ছবি প্রকাশ করেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। ছবির ক্যাপশনে ভালোবাসার বার্তা দিলেও হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। তবে সেই ঘোষণার চব্বিশ ঘণ্টা পেরোতেই নিজের ফেসবুক পেজ থেকে পোস্টটি মুছে ফেলেছেন এই গায়িকা, যা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
গত বুধবার (২৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ন্যানসি জানান, তিনি ও তাঁর স্বামী মহসীন মেহেদী আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘপথচলা ও স্মৃতির কথা উল্লেখ করে তারা দুজনে আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলে পোস্টে জানান।
পোস্টে ন্যানসি লেখেন, তাঁদের একসঙ্গে পথচলার ইতি ঘটেছে এবং ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের প্রতি ব্যক্তিগত এই সিদ্ধান্তকে সম্মান জানানোর অনুরোধ জানান। পাশাপাশি জীবনের নতুন অধ্যায় মানসিক প্রশান্তির সঙ্গে গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দেখা যায়, বিচ্ছেদের ঘোষণার সেই পোস্টটি আর তাঁর পেজে নেই। ধারণা করা হচ্ছে, তিনি নিজেই পোস্টটি সরিয়ে নিয়েছেন। যদিও পোস্ট মুছে ফেলার কোনো সুনির্দিষ্ট কারণ বা তাঁদের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়ে কোনো ব্যাখ্যা দেননি ন্যানসি।
এদিকে বৃহস্পতিবার সকালে বারান্দার বাগানবিলাস গাছের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে গায়িকা লেখেন, ‘কী সুন্দর! কী সুন্দর! আমার এমন আরো চাই।’ উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি এবং ২০২২ সালের জুনে তাঁদের একটি কন্যাসন্তান জন্ম নেয়। এর আগেও দুটি সংসার করেছিলেন এই শিল্পী। তবে পোস্ট মুছে ফেলার পর তাদের সম্পর্কের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

























