বাংলা সিনেমার পর্দায় এক নামেই আজও পরিচিত তিনি—কপিলা। ৩৩ বছর পেরিয়ে গেলেও ‘পদ্মা নদীর মাঝি’র সেই মায়াবী চাহনি আর সংলাপ আজও দর্শকের মনে গেঁথে আছে। বলছি জনপ্রিয় অভিনেত্রী রূপা গাঙ্গুলীর কথা। ২৫ নভেম্বর ৬০ বছর পূর্ণ করেছেন এই অভিনেত্রী।
১৯৯৩ সালে মুক্তি পাওয়া গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ সিনেমায় কপিলা চরিত্রে অভিনয় করে দুই বাংলার দর্শকের হৃদয়ে জায়গা করে নেন রূপা। কুবেরের প্রতি কপিলার টান, অভিমান আর চোখের ভাষা আজও সিনেমাপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ।
মজার বিষয়, সিনেমার ৩৩ বছর পরও সামাজিক যোগাযোগমাধ্যমে কপিলাকে ঘিরে তৈরি হচ্ছে নানা মিম। ‘আমারে নিবা মাঝি লগে!’—এই সংলাপ যেন নতুন প্রজন্মের কাছেও বেশ পরিচিত হয়ে উঠেছে।
জন্মদিনে পরিচালক গৌতম ঘোষও তাঁকে স্মরণ করেছেন কপিলা নামেই। তাঁর কথায়, এখনো রূপাকে কপিলা বলেই ডাকেন। এমনকি ভবিষ্যতে আবারও তাঁকে বিশেষ কোনো নারী চরিত্রে নেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছেন পরিচালক।
১৯৬৬ সালের ২৫ নভেম্বর কলকাতায় জন্ম রূপার। তাঁর বাবা ঢাকার এবং মা বরিশালের। ছোটবেলায় বাংলাদেশে এসেছেন বহুবার। ‘পদ্মা নদীর মাঝি’র শুটিংয়ের প্রস্তুতি নিতে বিক্রমপুরের জেলেপাড়ায় থেকেছেন, কাছ থেকে দেখেছেন সেখানকার মানুষের জীবনযাপন।
অভিনয়ের পাশাপাশি গানের জগতেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বর্তমানে অভিনয়ের পাশাপাশি পশ্চিমবঙ্গের রাজনীতিতেও সক্রিয় তিনি।
সময় বদলেছে, বয়স বেড়েছে অভিনেত্রীর। কিন্তু পর্দার কপিলা আজও রয়ে গেছেন চিরতরুণ—দর্শকের স্মৃতিতে, ভালোবাসায় আর সেই অমলিন এক চাহনিতে।

























