কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মাকে গত ২৩ নভেম্বর আইনি নোটিশ পাঠান বলিউড বাদশা শাহরুখ খানের আইনজীবী। নোটিশে একটি ভিডিওকে কেন্দ্র করে করা মন্তব্যকে ‘বিভ্রান্তিকর ও মানহানিকর’ বলে উল্লেখ করা হয়েছে।
শাহরুখকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে শুরু হয়েছে বিতর্ক। ভিডিওতে দাবি করা হয়, ভারতের ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানি নাকি এক অনুষ্ঠানে শাহরুখকে চুপ থাকতে বলেছিলেন। বিষয়টি নিয়ে তৈরি করা একটি রিলের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেতা।
সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সদগুরুর সঙ্গে কথা বলছিলেন অনন্ত আম্বানি। এ সময় তার পাশে দাঁড়িয়ে ছিলেন শাহরুখ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কথোপকথনের একপর্যায়ে অনন্ত নিজের ঠোঁটের কাছে আঙুল তুলে শাহরুখের দিকে ইশারা করছেন। এই অঙ্গভঙ্গিকে অনেকে অভিনেতাকে চুপ থাকতে বলার ইঙ্গিত হিসেবে ব্যাখ্যা করেন।
ভিডিওটি নিয়ে আলোচনা শুরু হলে সেটিকে কেন্দ্র করে একটি রিল তৈরি করেন কনটেন্ট ক্রিয়েটর সুবিজ্ঞ শর্মা। সেখানে অনন্তের আচরণ নিয়ে মন্তব্য করা হয়। ওই রিলের বিরুদ্ধেই আইনি নোটিশ পাঠিয়েছেন শাহরুখ।
অভিনেতার আইনজীবীর দাবি, ভিডিওতে করা অভিযোগের পক্ষে নির্ভরযোগ্য কোনো ভিত্তি নেই। এ ধরনের বক্তব্য শাহরুখের সম্মান, ভাবমূর্তি ও মর্যাদার ক্ষতি করতে পারে। তাই অবিলম্বে বিতর্কিত রিলটি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

























