মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আঁচ ছড়িয়ে পড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ বিস্ফোরণ এবং সৌদি আরবে হুথি বিদ্রোহীদের হামলার ঘটনায় তেল সরবরাহ নিয়ে আন্তর্জাতিক বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ৮৪ ডলারের কাছাকাছি অবস্থান করছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ইরানের বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের দাবি করেছে। একই সময়ে সৌদি আরবের প্রধান তেল রপ্তানি কেন্দ্র রাস তানুরা লক্ষ্য করে হুথিদের হামলার ঘটনা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।
সংঘাত নিরসনে কূটনৈতিক তৎপরতা চললেও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। ইরান স্পষ্ট জানিয়েছে, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল শুরু হবে না। তেহরানের দাবির মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার এবং সব রণাঙ্গনে যুদ্ধ বন্ধ করা। কাতারের মধ্যস্থতায় ইরান শর্তসাপেক্ষে প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব দিলেও ওয়াশিংটন পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অবস্থানে রয়েছে।


























