রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন দেশের জাতীয় সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন ‘ন্যাশনাল এডিটরস কাউন্সিল’-এর একটি প্রতিনিধিদল।
বুধবার দুপুরে আয়োজিত এই আন্তরিক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন-এর সম্পাদক ও ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই শিকদার, বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান, ডেইলি ওয়াদা পত্রিকার সম্পাদক শফিকুল আলম, দ্য নিউ নেশন পত্রিকার সম্পাদক মো. মোকাররম হোসেন, দৈনিক খোলাকাগজের নির্বাহী সম্পাদক মো. মনির হোসেন, দৈনিক রূপালী বাংলাদেশের সম্পাদক সায়েম ফারুকি, ফাইনান্সিয়াল পোস্টের সম্পাদক ও প্রকাশক এস এম মেজবাহ উদ্দিন, দৈনিক জনতার সম্পাদক ওবায়দুর রহমান শাহীন এবং ডেইলি পিপলস ভিউ পত্রিকার সম্পাদক ওসমান গনি মনসুর।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে রাষ্ট্রপতি উপস্থিত সম্পাদকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং অতীত দিনে রাজপথের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার স্মৃতিচারণ করেন।
বৈঠকে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রতিনিধিরা বঙ্গভবনে আমন্ত্রণের জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ধারাবাহিক সহায়তা কামনা করেন তারা। জবাবে রাষ্ট্রপতি এ বিষয়ে রাষ্ট্র ও সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভা শেষে প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রপতির সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম উপস্থিত ছিলেন।





















