প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২ ডিসেম্বর (বুধবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি জেলার একাধিক গুরুত্বপূর্ণ সরকারি ও জনকল্যাণমূলক কর্মসূচিতে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরসূচি নিশ্চিত করা হয়েছে।
ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ২ ডিসেম্বর সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমে যশোর পৌঁছাবেন এবং সেখানে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে আয়োজিত আকর্ষনীয় ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন করবেন।
পরবর্তী সময়ে বেলা ২টায় তিনি কুষ্টিয়া পৌরসভার চৌড়হাস ঈদগাহ ময়দান-সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে সেখানে উপস্থিত সুধীজনদের সঙ্গে তিনি মতবিনিময় করবেন।
বিকেল ৩টায় কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধানমন্ত্রী স্থানীয় প্রান্তিক কৃষক ও সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ এবং ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির শুভ সূচনা করবেন। একই অনুষ্ঠানে তিনি বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের বিশেষ সম্মানী ভাতা প্রদান কর্মসূচিতে যোগ দেবেন।
সরকারি সকল কর্মসূচি সমাপ্ত করে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার উদ্দেশে কুষ্টিয়া ত্যাগ করবেন বলে সফরসূচিতে জানানো হয়েছে।





















