দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মঙ্গলবার রাতে খুলনা মহানগরী জামায়াতের দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, গুপ্ত হামলা ও চোরাগোপ্তা সন্ত্রাসের মাধ্যমে যারা দেশের পরিবেশ অস্থিতিশীল করতে চায়, তাদের ষড়যন্ত্র সচেতন জনগণ ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় জামায়াতে ইসলামী অতীতে যেমন রাজপথে ছিল, ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোপালগঞ্জের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সরকার সেখানে দুই ধরনের চাপের মুখে ছিল। একদিকে কঠোর পদক্ষেপ নিলে সহিংসতার আশঙ্কা ছিল, অন্যদিকে ব্যর্থতায় সরকারের দুর্বলতা প্রকাশের ঝুঁকি ছিল।
শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে তিনি বলেন, ভারত ও আওয়ামী লীগ শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে চায় না। তবে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাঁকে হস্তান্তর করা উচিত। বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান তিনি।

























