স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে মঙ্গলবার সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন কানাডার গ্লোবাল অ্যাফেয়ার্সের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার (ইন্দো-প্যাসিফিক) ওয়েলডন এপ। বৈঠকে অনিয়মিত অভিবাসন রোধ, দক্ষ জনশক্তি রপ্তানি ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী কানাডার শ্রমবাজারের চাহিদা অনুযায়ী বাংলাদেশ থেকে বৈধ পথে দক্ষ জনশক্তি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নার্সিং, মেডিকেল টেকনোলজি, হোম কেয়ার ও মেরিন ক্যাডেট খাতে বাংলাদেশের প্রশিক্ষিত জনবল রয়েছে। কানাডা চাইলে যৌথ উদ্যোগে বাংলাদেশে প্রশিক্ষণ একাডেমি স্থাপন করতে পারে।
জবাবে ওয়েলডন এপ জানান, কানাডার অর্থনীতিতে দক্ষ শ্রমশক্তির চাহিদা রয়েছে এবং তারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী ও পেশাজীবীদের স্বাগত জানাতে আগ্রহী। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে কানাডার সক্রিয় ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। বৈঠকে সাইবার নিরাপত্তা ও মাদক পাচার রোধে সম্মিলিত প্রচেষ্টার ওপরও গুরুত্বারোপ করা হয়।

























