আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ক্যাথরিন কনোলির কাছে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নূরে আলম। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানী ডাবলিনে রাষ্ট্রপতির সরকারি বাসভবন আরাস অ্যান উখতারাইনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি পরিচয়পত্র পেশ করেন।
এ সময় রাষ্ট্রদূত নূরে আলম আয়ারল্যান্ডের রাষ্ট্রপতি ও দেশটির জনগণের প্রতি বাংলাদেশ সরকার ও জনগণের উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন। পাশাপাশি বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও শুভেচ্ছা জানান তিনি।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ড বাংলাদেশকে স্বীকৃতি দেয়। ডাবলিনে বাংলাদেশের আবাসিক দূতাবাস প্রতিষ্ঠা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক। এর মধ্য দিয়ে দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আয়ারল্যান্ডকে বিবেচনা করে। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ব্যাপক সম্ভাবনা থাকলেও এর অনেকটাই এখনো কাজে লাগানো সম্ভব হয়নি। আয়ারল্যান্ডের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়ে ঢাকায় দেশটির আবাসিক দূতাবাস প্রতিষ্ঠার আহ্বান জানান তিনি।
বাণিজ্য ও বিনিয়োগ, নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু কার্যক্রম, স্বাস্থ্যসেবা, উচ্চশিক্ষা, সংস্কৃতি এবং জনগণের মধ্যে যোগাযোগকে সহযোগিতার প্রধান ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেন রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগে উৎসাহিত করতে বাংলাদেশ-ইউরোপীয় ইউনিয়ন ট্যালেন্ট পার্টনারশিপ কর্মসূচিতে আয়ারল্যান্ডকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। বিশেষ করে স্বাস্থ্যসেবা ও প্রযুক্তিসহ গুরুত্বপূর্ণ খাতে আয়ারল্যান্ডের জনশক্তির চাহিদা পূরণে বাংলাদেশ সহায়তা করতে পারে বলে উল্লেখ করেন।
রাষ্ট্রদূত নূরে আলম বলেন, বাংলাদেশের সুলভ শ্রমশক্তি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চলে দেওয়া বিনিয়োগ-সুবিধা কাজে লাগিয়ে আয়ারল্যান্ডের বিনিয়োগকারীরা এ দেশে বিনিয়োগ করতে পারেন। তৈরি পোশাকের মতো শ্রমঘন শিল্পের পাশাপাশি ওষুধশিল্প, জাহাজ নির্মাণ, সবুজ জ্বালানি ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে বিনিয়োগের সুযোগ রয়েছে। এ ছাড়া প্রায় ১৮ কোটি মানুষের ক্রমবর্ধমান ভোক্তা বাজার আয়ারল্যান্ডের পণ্য ও সেবা রপ্তানির জন্য আকর্ষণীয় ক্ষেত্র হতে পারে।
ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিলের সভাপতিত্ব সফলভাবে পালন করায় আয়ারল্যান্ডকে অভিনন্দন জানান বাংলাদেশের রাষ্ট্রদূত। তিনি বলেন, ফিলিস্তিন ও রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের অবস্থানে মিল রয়েছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য আয়ারল্যান্ডের মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক ফোরামে এ সংকট সমাধানে দেশটির দৃঢ় সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। বিশেষ করে, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা সংকট-সংক্রান্ত সাম্প্রতিক মামলায় আয়ারল্যান্ডের লিখিত বক্তব্য জমা দেওয়ার বিষয়টিও উল্লেখ করেন তিনি।

























