ভারতের তরুণদের আন্দোলনভিত্তিক সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) নেতা সৌরভ দাসকে দেশত্যাগে বাধা দিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যগামী একটি ফ্লাইটে ওঠার সময় অভিবাসন কর্মকর্তা ও পুলিশ তাঁর পাসপোর্ট আটকে দেয় বলে সৌরভ দাস অভিযোগ করেছেন।
২৭ বছর বয়সী সৌরভ দাস সামাজিক যোগাযোগমাধ্যমে গড়ে ওঠা তরুণদের এ রাজনৈতিক প্ল্যাটফর্মের অন্যতম প্রধান মুখ। গত মে মাসে আত্মপ্রকাশের পর থেকে সিজেপি দেশটিতে ব্যাপক পরিচিতি পায়। সোমবার গভীর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে সৌরভ বলেন, অক্সফোর্ড, ক্যামব্রিজ, লন্ডন স্কুল অব ইকোনমিকসসহ যুক্তরাজ্যের কয়েকটি মর্যাদাপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। তবে সরকার তাঁর এসব মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে অংশ নেওয়া নিয়ে ভীত থাকায় তাঁকে বিদেশের ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।
এর আগে ভারতের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে আটক হয়েছিলেন সৌরভ দাস। সেই ঘটনার এক মাস পর তাঁকে বিদেশে যাওয়ার পথে বিমানবন্দরে আটকে দেওয়ার ঘটনা ঘটল।
সমালোচকদের মতে, ভারতে সাম্প্রতিক বছরগুলোতে মানবাধিকারকর্মী, সাংবাদিক ও সরকারবিরোধী আন্দোলনকারীদের স্বাধীন চলাচলে নানা বাধা তৈরি করা হচ্ছে। সৌরভ দাসকে লন্ডনে যেতে না দেওয়া সেই পরিস্থিতিরই সাম্প্রতিক রূপ বলে মনে করছেন তারা।


























