নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রীর সাবেক এপিএস আ ন ম আহমাদুল বাশারের নামে সিটি ব্যাংকে থাকা ১১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব ব্যাংক হিসাবে বর্তমানে মোট ৬৩ লাখ ৮ হাজার ২০৯ টাকা জমা রয়েছে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবিরের আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংয়োগ) তানজির আহমেদ।
মামলা সূত্রে জানা যায়, দুদকের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. আবু তালহা হিসাবগুলো অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, আ ন ম আহমাদুল বাশার সরকারি পদে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মালিক হয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকে সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠায় ইতিমধ্যে সম্পদ বিবরণী জারি করা হয়েছে।
অনুসন্ধান চলাকালে গোপন সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তাঁর অস্থাবর সম্পত্তি হস্তান্তর করার পাঁয়তারা করছেন। এতে দুদকের অনুসন্ধানের মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় দ্রুত তাঁর ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন ছিল।























