বেনাপোলে ককটেল হামলায় স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন নেতা তবিবুর রহমান তবি ও লোকমান হোসেন নামে দুইজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সোমবার দিবাগত রাত একটার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে লোকমান হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন এবং তবি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবি বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক এবং লোকমান বন্দর শ্রমিক হিসেবে কর্মরত।
আহত শ্রমিক নেতা তবিবুর রহমান তবি জানান, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে তিনি ও তার সহকর্মীরা সীমান্তে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নেন। পরে রাত একটার দিকে মোটরসাইকেলে করে নিজ বাড়ি ছোটআঁচড়ায় ফেরার পথে ওত পেতে থাকা দুর্বৃত্তরা পরপর দুটি ককটেল ছুড়ে মারে। এতে একটি ককটেল বিস্ফোরিত হলে তারা দুজনে আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেন।
এদিকে শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে দুপুরে বন্দরে শ্রমিক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এ সময় পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে। বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী জানান, দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা না নেওয়া হলে বড় ধরনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন জনমনে আতঙ্ক সৃষ্টি করতেই বিএনপি নেতাদের ওপর এ ধরনের হামলা চালাচ্ছে। এর আগেও পৌর স্বেচ্ছাসেবক দলের সম্পাদকের বাড়ির সামনে হামলা চালানো হয়েছিল। বেনাপোল পোর্ট থানা পুলিশের উপপরিদর্শক তারেক নাহিয়ান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আলামত জব্দ করেছে এবং হামলাকারীদের চিহ্নিত করতে অভিযান চলছে।























