চাঁপাইনবাবগঞ্জে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় ৭০০ বস্তা ইউরিয়া সারবোঝাই একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মহারাজপুর মেলার মোড় এলাকা থেকে সারসহ ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকচালক আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে সদর মডেল থানা-পুলিশ।
আটক ট্রাকচালক আব্দুল মান্নান যশোরের অভয়নগর উপজেলার মশিউরনগর এলাকার আব্দুর রহিমের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকভর্তি ইউরিয়া সার চাঁপাইনবাবগঞ্জের গোলাপেরহাট এলাকার বিসিআইসি সার ডিলার হুমায়ুন কবিরের গুদামে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সারসহ ট্রাকটি জব্দ করা হলেও ডিলারকে পাওয়া যায়নি।
স্থানীয়দের অভিযোগ, বিসিআইসির ডিলার হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে সার কালোবাজারির সঙ্গে জড়িত। সার জব্দের পর থেকে তার দোকান বন্ধ রয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। সারগুলো থানা হেফাজতে রাখা হয়েছে এবং ডিলারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।























