গাইবান্ধার সাদুল্লাপুরে শিরাজ শেখ (১৩) নামের এক মাদ্রাসাছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিলসংলগ্ন একটি গাছের বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিরাজ শেখ ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে বাগানের একটি আমগাছে শিরাজকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ সময় তার পরনে পাঞ্জাবি ও পায়জামা ছিল।
সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সেখান থেকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’























