ভালোবাসা শুধু মুখের কথায় সীমাবদ্ধ নয়, প্রয়োজনে প্রিয় মানুষের জীবন রক্ষায় নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার নামই ভালোবাসা। সেই ভালোবাসা ও আত্মত্যাগের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মন্দিরা রানী পাল। কিডনি রোগে আক্রান্ত স্বামীকে নতুন জীবন দিতে নিজের একটি কিডনি দান করেছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতের দিল্লির একটি হাসপাতালে এই শিক্ষক দম্পতির কিডনি প্রতিস্থাপনের অস্ত্রোপচার শুরু হয়েছে। মন্দিরা রানী পালের স্বামী সুদাম পাল গৌরনদী উপজেলা সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক এবং উপজেলার নীলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত স্বামীকে সুস্থ করে তুলতে স্ত্রী মন্দিরা রানী নিজের একটি কিডনি দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেন।
শিক্ষক সুদাম পালের ঘনিষ্ঠ বন্ধু ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া জানান, ২০০৪ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুদাম ও মন্দিরা দম্পতি। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। ২০১৯ সালে সুদাম পাল কিডনি রোগে আক্রান্ত হওয়ার পর থেকেই পরিবারটিতে চরম অনিশ্চয়তা নেমে আসে। দেশে ও ভারতে দীর্ঘদিন চিকিৎসার পর চিকিৎসকেরা তাঁকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন। তবে উপযুক্ত দাতা না পাওয়ায় অবশেষে স্ত্রীর কিডনিতেই নতুন জীবনের স্বপ্ন দেখছেন সুদাম।
বর্তমানেভারতে অবস্থানরত প্রধান শিক্ষক মন্দিরা রানীর ভাই সবুজ কুমার পাল জানান, আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে দিল্লির ম্যাক্স সুপার স্পেশালিটি হাসপাতালে তাদের চিকিৎসা শুরু হয়। হাসপাতালের ইউরোলজি ও কিডনি ট্রান্সপ্লান্টেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. অনন্ত কুমারের তত্ত্বাবধানে সফলভাবে অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়েছে।


























