প্রমত্তা পায়রা নদীর ভাঙনে বরগুনার তালতলী উপজেলার তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকার বেড়িবাঁধ বারবার বিলীন হচ্ছে। নদীর তলদেশে ভাঙন ও পানির তীব্র ঘূর্ণাবর্তের কারণে জরুরি ভিত্তিতে সংস্কার এবং জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও স্রোতের তোড়ে টিকছে না এসব প্রতিরক্ষা ব্যবস্থা।
সংস্কারের অল্প সময়ের মধ্যেই বাঁধের একাধিক অংশ ধসে পড়েছে এবং কোথাও দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। ফলে বসতভিটা, ফসলি জমি ও লোকালয় রক্ষায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। সাময়িক সংস্কারের বদলে টেকসই ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জোর দাবি জানিয়েছেন তারা।
পাউবো সূত্রে জানা গেছে, তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া এলাকায় ১ কোটি ৪৭ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে ৫৯০ মিটার বেড়িবাঁধ সংস্কার ও জিও ব্যাগ ফেলার কাজ সম্প্রতি সম্পন্ন হয়। তবে কাজ শেষ হতে না হতেই প্রায় ১২০ মিটার অংশ ধসে পায়রা নদীতে তলিয়ে গেছে। এছাড়া বাঁধের আরও প্রায় ২০০ মিটার অংশে মারাত্মক ফাটল দেখা দিয়েছে।
বাঁধটি পুরোপুরি ভেঙে গেলে তেঁতুলবাড়িয়া, বড় অঙ্কুজান, নলবুনিয়া ও আগাপাড়াসহ নিশানবাড়িয়া ইউনিয়নের অন্তত ১০টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এতে ঘরবাড়ি, আমন ধানের ক্ষেত ও মৎস্য ঘের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। স্থানীয় বাসিন্দারা নদী ভাঙন প্রতিরোধে অবিলম্বে স্থায়ী ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।


























