বিশ্বের আন্তর্জাতিক আর্টহাউস সিনেমা সংস্কৃতির সঙ্গে বন্দরনগরী চট্টগ্রামের মেলবন্ধন ঘটাতে উদযাপিত হয়েছে ইউরোপিয়ান আর্টহাউস সিনেমা দিবস ২০২৬। আন্তর্জাতিক আর্টহাউস সিনেমা সংগঠন ‘সিআইসিএই’-এর সার্বিক সহযোগিতায় এবং আন্তর্জাতিক একাডেমি অব ফিল্ম অ্যান্ড মিডিয়া (আইএএফএম) ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের যৌথ উদ্যোগে সম্প্রতি দিবসটি উদযাপিত হয়। এতে নিবন্ধিত প্রদর্শনী কেন্দ্র হিসেবে অংশ নেয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী সুগন্ধা সিনেমা হল।
আয়োজনের দিনখ্যাত চলচ্চিত্র নির্মাতা পেদ্রো আলমোদোভারের বিখ্যাত সিনেমা ‘অল অ্যাবাউট মাই মাদার’-এর প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এছাড়া ফরাসি স্থপতি জ্যঁ-মার্ক লালোর পরিচালনায় একটি অনলাইন মাস্টারক্লাস এবং বাংলাদেশের প্রেক্ষাগৃহের টেকসই স্থাপত্যধারা ও ভবিষ্যৎ নিয়ে বিশেষ গোলটেবিল আলোচনা সেশনের আয়োজন করা হয়।
দিবসটি উদযাপন উপলক্ষে চট্টগ্রামের সুগন্ধা সিনেমা হলে এক বিশেষ ভাববিনিময় সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সুগন্ধা সিনেমা হলের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন ও সাইফ হোসেন এবং দৃশ্যছায়ার প্রতিষ্ঠাতা ও চলচ্চিত্র নির্মাতা ইফতেখার আহমদ সায়মন। তাঁরা চট্টগ্রামে বিকল্প ধারার বিশ্বমানের চলচ্চিত্র পরিবেশন এবং নতুন ধাঁচের চলচ্চিত্রপ্রেমী দর্শক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।
দৃশ্যছায়া ও সুগন্ধা সিনেমা হল কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক এ যোগাযোগের ধারাবাহিকতায় আগামী বছর থেকে আরও বড় পরিসরে ইউরোপিয়ান আর্টহাউস সিনেমা দিবস উদযাপনের পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রতি মাসে অন্তত একটি আন্তর্জাতিক আর্টহাউস চলচ্চিত্র প্রদর্শনের চেষ্টা চালানো হবে, যেখানে প্রতিটি প্রদর্শনীর পর অনুষ্ঠিত হবে বিশদ আলোচনা ও মতবিনিময় সভা। এর মাধ্যমে চট্টগ্রামে শিল্পানুরাগী দর্শক তৈরির পাশাপাশি প্রেক্ষাগৃহকে সুস্থ ধারার বিনোদন চর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
























