বলিউডে সম্পর্কের সমীকরণে যেন একের পর এক নতুন চমক! প্রথমে এক ফ্রেমে দেখা গেল করিনা কাপুর খান ও শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতকে। এরপর বিভিন্ন অনুষ্ঠানে প্রাক্তন প্রেমিক শাহিদ কাপুরের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গেল করিনাকে। আর এবার সেই শাহিদকেই উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরলেন করিনার স্বামী সাইফ আলি খান! দুই তারকার এমন বন্ধুত্বপূর্ণ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়তেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, নীল রঙের স্লিভলেস টি-শার্ট, একই রঙের ট্রাউজার ও রোদচশমা পরে দাঁড়িয়ে রয়েছেন শাহিদ। এ সময় সাদা শার্ট ও হালকা রঙের জিনস পরা সাইফ এগিয়ে আসেন। দুজনের মুখেই ছিল মৃদু হাসি। এরপর শাহিদকে আলিঙ্গন করেন সাইফ। কিছুক্ষণ দাঁড়িয়ে কথাও বলেন তাঁরা। বিদায়ের সময় আবারও একে অপরকে জড়িয়ে ধরেন দুই জনপ্রিয় অভিনেতা।
উল্লেখ্য, একসময় করিনা ও শাহিদের প্রেম ছিল বলিউডের অন্যতম আলোচিত সম্পর্ক। ২০০৭ সালে তাঁদের বিচ্ছেদ হয়। পরে ২০১২ সালে সাইফ আলি খানকে বিয়ে করেন করিনা কাপুর। অন্যদিকে ২০১৫ সালে মীরা রাজপুতের সঙ্গে সংসার শুরু করেন শাহিদ কাপুর।
তবে সাইফ ও শাহিদের পরিচয় শুধু ব্যক্তিগত সম্পর্কের সূত্রে নয়। ২০১৭ সালে বিশাল ভরদ্বাজের ‘রেঙ্গুন’ সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তাঁরা। এবার তাঁদের এই আন্তরিক সাক্ষাৎ আবারও ফিরিয়ে এনেছে বলিউডের পুরোনো সম্পর্কের সোনালী স্মৃতি।

























