দুরারোগ্য ক্যানসার ও কিডনি জটিলতায় আক্রান্ত জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকুর পাশে দাঁড়িয়েছে চ্যানেল আই। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকা এই নির্মাতার চিকিৎসার সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ক্যানসারের সাথে লড়াই করছেন ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা মাতিয়া বানু শুকু। দুই দশকেরও বেশি সময় ধরে ছোট পর্দা ও চলচ্চিত্রে কাজ করে আসা এই নির্মাতা ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ এবং ‘প্রজ্ঞা পারমিতা’-র মতো জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। ২০২১ সালে ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমার প্রযোজক হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার স্বজন ও সহকর্মীরা।
























