মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে এয়ারক্রাফট পাঠানোর দাবিকে হাস্যকর বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।
তিনি বলেছেন, একজন পলাতক আসামির জন্য এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে সম্পূর্ণ নজিরবিহীন। এ ধরনের দাবি উন্মাদনা ছাড়া আর কিছুই নয়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, যে মুখপাত্র এয়ারক্রাফট চাওয়ার দাবি করেছেন, তার এই বিবৃতি উন্মাদনা ছাড়া আর কিছু নয়। একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ ধরনের দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।
বিদেশে পলাতক আসামিদের তৎপরতা প্রসঙ্গে আমিনুল ইসলাম বলেন, বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তারা কোনো ধরনের কর্মকাণ্ড চালাচ্ছেন না। অন্য কোনো দেশে আসামিদের তৎপরতার বিষয়ে কূটনৈতিক চ্যানেলে জানানো ছাড়া এই মুহূর্তে কিছু করার নেই। বিভিন্ন দেশে তাদের তৎপরতা গণমাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি।
তিনি আরও বলেন, পলাতক নেতাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগের সদস্যরা যে সন্ত্রাসী, দুষ্কৃতকারী ও খুনি, তা তারা নিজেরাই বিশ্বের কাছে প্রমাণ করছেন। এসব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সর্বাত্মক আইনি প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের বিষয়ে চিফ প্রসিকিউটর জানান, নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ যদি সন্ত্রাসী সংগঠন হিসেবে নিজেদের প্রমাণ করে, তাহলে বিচারের মাধ্যমে এই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও ট্রাইব্যুনাল বাধ্য হবে।
সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে দলটির বিচার চাওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে অবহিত করা হবে।

























