নোয়াখালীর বেগমগঞ্জে ছয়টি মাদক মামলার পলাতক আসামি মো. পারভেজ হোসেন বিপ্লবকে (৩২) ৪০ পিস ইয়াবাসহ আবারও গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে তার বসতঘর তল্লাশি করে ইয়াবার পাশাপাশি একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার নরোত্তমপুর গ্রামের করিম বক্স বেপারী বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মো. পারভেজ হোসেন বিপ্লব নোয়াখালীর নরোত্তমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবু ছায়েদের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
ডিএনসি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ডিএনসির পরিদর্শক বাপন সেন বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মঙ্গলবার দুপুরে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।























