উত্তরবঙ্গের ঠাকুরগাঁও ও পঞ্চগড়সহ দেশের বিভিন্ন এলাকায় পরপর দুই দফা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মাত্র দুই মিনিটের ব্যবধানে হওয়া এ কম্পনে অনেকের ঘুম ভেঙে যায় এবং স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ২ মিনিটে প্রথম এবং ৭টা ৪ মিনিটে দ্বিতীয় দফায় এ ভূকম্পন অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তর ও আন্তর্জাতিক সিসমিক তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৪। এর উৎপত্তিস্থল ছিল প্রতিবেশী দেশ নেপালের কোশি প্রদেশের লেলেপ এলাকার কাছাকাছি।
বাংলাদেশ ছাড়াও নেপাল, ভুটান ও চীনের বিভিন্ন সীমান্ত অঞ্চলেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।
ভূমিকম্পের পর এখন পর্যন্ত দেশের কোথাও থেকে কোনো ধরনের হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।























