চট্টগ্রামের শ্রম আদালতগুলোতে মামলার দীর্ঘসূত্রতা নিরসন, বিচারপ্রার্থী শ্রমিকদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং শূন্য পদে প্রয়োজনীয় জনবল নিয়োগের সাত দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্ক। সোমবার চট্টগ্রাম জেলা পরিষদ ভবন চত্বরে সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী এবং শ্রম সচিব বরাবর এ স্মারকলিপি প্রদান করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, শ্রম আইন অনুযায়ী সর্বোচ্চ ১৫০ দিনের মধ্যে শ্রম আদালতের মামলা নিষ্পত্তির কথা থাকলেও বাস্তবে চার থেকে পাঁচ বছর বা তারও বেশি সময় লেগে যাচ্ছে। ফলে বেআইনি চাকরিচ্যুতি, বকেয়া মজুরি ও ক্ষতিপূরণ আদায়ে শ্রমিকদের বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে, যা অত্যন্ত মর্মান্তিক।
দীর্ঘসূত্রতার দৃষ্টান্ত টেনে বক্তারা জানান, ২০২২ সালে মামলা দায়ের করা মেহেরুন্নেসা নামের এক পোশাক শ্রমিক বিচার পাওয়ার আগেই সম্প্রতি মৃত্যুবরণ করেছেন। জীবদ্দশায় নিজের মামলার রায় না পাওয়া বিচারব্যবস্থার জন্য অত্যন্ত হতাশাজনক এবং এটি শ্রম আইনের মূল উদ্দেশ্যের পরিপন্থী।
সমাবেশ থেকে জানানো হয়, প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সংকটের কারণেই এই মামলার জট তৈরি হয়েছে। দ্রুত চট্টগ্রামে আরও দুটি শ্রম আদালত স্থাপন এবং শূন্য পদে দ্রুত নিয়োগ দিয়ে বিচারিক কার্যক্রম গতিশীল করার দাবি জানান চট্টগ্রাম যুব ট্রেড ইউনিয়ন নেটওয়ার্কের নেতৃবৃন্দ।


























